বোয়ালখালীতে চেয়ারম্যান প্রার্থী সুজনের ২১দফার ইশতেহার
বোয়ালখালী প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল কাদের সুজন (আনারস)। বোয়ালখালীকে মডেল উপজেলায় পরিণত করতে ২১ দফার ইশতেহার ঘোষণা করেছেন
আজ সোমবার ( ১৮ মার্চ) বিকেলে উপজেলার সদরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় আগামী ২৪ মার্চ নির্বাচনে এলাকাবাসীকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানানো হয়।
ঘোষিত ইশতেহারে বোয়ালখালীবাসীর প্রাণের দাবি কালুরঘাটে সড়ক কাম রেলওয়ে সেতু নির্মাণ বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা, গণপরিবহন সংকট নিরসরে বিআরটিসি বাস সার্ভিস চালু করণ, জ্যৈষ্ঠপুরা-আমুচিয়া ও কড়লডেঙ্গা পাহাড়ে উৎপাদিত ফসল সংরক্ষণে হিমাগার নির্মাণ, হাসপাতালের সেবার মান বৃদ্ধিসহ ২১দফায় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দাবি পূরণে কাজ করার কথা তুলে ধরেন তিনি।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবদুল কাদের সুজন অভিযোগ করে বলেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাব বিস্তার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তিনি আনারস প্রতীকের কর্মী সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচন থেকে বিরত রাখতে চাইছেন।
গত ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের ভরাসভায় উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি দাবিদার নুরুল আমিন চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত শিশু কিশোরদের সামনে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ তুলেন সুজন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসেন, কড়লডেঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান, এমএস আলম, বিশ্বজিত চৌধুরী ও যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুন।
