বাঁশখালীতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে জলদস্যু নিহত

0

বাঁশখালী প্র‌তি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প‌শ্চিম পুআছ‌ড়ির আরবশাহ বাজার এলাকায় র‌্যাব-৭ এর টহল দলের সাথে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

শনিবার গভীর রাতে সংঘটিত বন্দুক যুদ্ধের ঘটনায় সোলতান বাহাদুর (৪৭) নামে এক জলদস্যু নিহত হয়েছে। নিহত ওই জলদস্যু ছনুয়া ইউপির খুদুকখালী গ্রামের মৃত শাহ আলমের পুত্র। ঘন্টাব্যাপী চলা বন্দুক যুদ্ধে জলদস্যু বাহিনী পালিয়ে গেলেও ঘটনাস্থল হতে ২টি দেশীয় এলজি ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭ এর অভিযানকারী দল।

এদিকে বন্দুকযুদ্ধে নিহত জলদস্যুর লাশ রবিবার (৫ মে) সকালে বাঁশখালী থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা যায়, মাদক ও অস্ত্র উদ্ধারে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকায় র‌্যাব-৭ ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে পুঁইছড়ি আরবশাহ ঘোনা এলাকায় অস্ত্রশস্ত্রে সজ্জিত জলদস্যু বাহিনীর অবস্থানের সংবাদ পায় র‌্যাব-৭।

সেই সূত্র ধরে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে যায় র‌্যাব-৭ এর একটি টহল দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যু বাহিনী তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি বিনিময় করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সোলতান বাহাদুর নামে এক জলদস্যু নিহত হলেও অপরাপর জলদস্যুরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ঘটনাস্থল হতে ২টি দেশীয় এলটি ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে র‌্যাব-৭ এর অভিযানকারী দল। নিহত বাহাদু‌রের বিরু‌দ্ধে ৬/৭ টি মামলা র‌য়ে‌ছে ব‌লে জানা যায় । পুলিশ রবিবার সকালে বন্দুক যুদ্ধের ঘটনাস্থলে গিয়ে নিহত জলদস্যুর লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে জানিয়েছেন ওসি মো. কামাল হোসেন। এ ঘটনায় র‌্যাব-৭ এর পক্ষ থেকে বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.