হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার শিক্ষক এক শিক্ষার্থীকে বলাৎকার করেছে। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক তৌহিদুল ইসলাম (৩০) কে আটক করেছে পুলিশ। সে বাঁশখালী উপজেলার বৈলগাঁও গ্রামের মোল্লা পাড়ার সিরাজুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
উপজেলার উত্তর মাদার্শার মদীনা একাডেমি নূরানি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম শিশুর পিতা বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভিকটিম শিশুটির পিতা জানান, মাস তিনেক আগে তার দুই ছেলেকে ভর্তি করান ঐ নূরাণী মাদ্রাসার হেফজ বিভাগে। ঘটনার দিন মঙ্গলবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার কোন এক সময় হেফজ বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম তার ছোট সন্তানকে রুমে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে এবং কাউকে না বলার জন্য ভয়-ভীতিও দেখায়।
ছেলে রুমের দরজা খুলে দৌড়ে মাদ্রাসা থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে গেলে স্থানীয়রা কারণ জানতে চাইলে তাদের ঘটনা খুলে বলে। তাৎক্ষণিক স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক তৌহিদুল ইসলামকে আটক করে। এসময় ঐ শিক্ষক পালিয়ে যাচ্ছিল। এলাকাবাসী প্রায় এক কিলোমিটার দৌড়ানি দিয়ে তাকে আটক করে। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে রাত আড়াইটার দিকে পুলিশে সোপর্দ করে।
থানার এসআই আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করি। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সতত্যা নিশ্চিত করে ক্ষমা চেয়েছে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ৩৭৭ ধারায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। আগামীকাল আসামীকে আদালতে পাঠানো হবে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হবে।
