হরতালে মরিচা ধরে কার্যকারিতা হারিয়েছে- ওবায়দুল কাদের
সিটি নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হরতাল নামক অস্ত্রে মরিচা ধরে গেছে। এটা কার্যকারিতা হারিয়েছে। গ্যাসের মূল্যবৃদ্ধি দেয়ার পরও ভর্তুকি দিতে হবে। গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবসম্মত।
তিনি বলেন, ভোটের রাজনীতিতে নেগেটিভ প্রভাব পড়বে, তা নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। দেশের অর্থনীতির কথাও আমাদের ভাবতে হয়।
রোববার ৭ জুলাই আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি এসব কথা বলেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কাদের বলেন, ১৫ আগস্ট সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি, জাতীয় সম্মেলনের সাংগঠনিক প্রস্তুতি, বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কারো কারো অবস্থান এবং নির্বাচন নিয়ে আমাদের বৈঠকে আলোচনা হয়েছে। এ ছাড়া দলের সদস্য সংগ্রহ অভিযান ২১ জুলাই শুরু হবে। তবে এর আগে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে।
স্থানীয় নির্বাচনে যারা দলের বিদ্রোহী প্রার্থী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কাদের বলেন, ডিসিপ্লিন ব্রেক করে আসকারা পেলে এর প্রবণতা বাড়ে। তাই আমরা এর লাগাম টেনে ধরতে চাই। তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হবে। কেউ এমপি, মন্ত্রী হয়ে দলের বিরুদ্ধে কাজ করলে তাকে মনোনয়ন নাও দেয়া হতে পারে। অথবা কম গুরুত্বপূর্ণ পদ দেয়া হতে পারে। নানা রকম শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।
তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খালেদা জিয়ার বিষয়ও বিচার বিভাগের বিষয়। আমাদের হস্তক্ষেপের বিষয় নয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপি প্রমুখ।
