বিপিএলের সপ্তম আসরেও থাকছে সিলেট সিক্সার্স

0

অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলা মিটমাট হলো সিলেট সিক্সার্সের। আর তাই, বিপিএলের সপ্তম আসরে তারা থাকছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে বিসিবি কার্যালয়ে এসে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে সিলেট সিক্সার্সের কর্তারা আগামী আসরে অংশগ্রহণ, চুক্তি ও নতুন বাইলজ নিয়ে আলোচনা করেন। এতে বিসিবি’র সঙ্গে তাদের আর্থিক অসঙ্গতি নিরসন হয়।

ফ্র্যাঞ্চাইজি মালিক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও আসেন বিসিবি কার্যালয়ে।

বিপিএলের ষষ্ঠ আসরের পর ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়ে গেছে। সপ্তম আসরের জন্য তাই নতুন করে চুক্তি করতে হবে সব ফ্রাঞ্চাইজির। সিলেট সিক্সার্সের অনেক অর্থই বকেয়া ছিল। জানা গেছে, বিপিএল গভর্নিং কাউন্সিলই সিলেট সিক্সার্সের কাছে ১ কোটি টাকা পেত। গত আসর শেষে তারা তা পরিশোধ করেনি।

অবশেষে সেই অনিশ্চয়তা কেটেছে। সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ জানালেন, বিসিবির সঙ্গে তাদের আর্থিক অসঙ্গতি তারা মিটিয়ে ফেলেছেন।

নতুন চক্র অর্থাৎ পরবর্তী চার আসর বিপিএল কীভাবে হলে ভালো হয় সেটি নিয়ে মতামত জানিয়েছে সিলেট সিক্সার্স। সভা শেষে সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ সংবাদমাধ্যমকে বলেন, ‘নতুন করে চুক্তি করা হবে। সেটি এবং খেলোয়াড়দের চুক্তি নিয়ে সব দলের মতামত নেয়া হচ্ছে। আজ আমরা মতামত দিলাম। আমরা নিজেদের পর্যবেক্ষণ দিয়েছি। বিপিএল কীভাবে আরও সুন্দরভাবে হতে পারে সেটি নিয়ে আমাদের পরামর্শ দিয়েছি।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.