আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

সিটিনিউজবিডি   :      আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় দিনের সফরে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে  । ৩০ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে তিনি বাংলায় মূল ভাষণ প্রদান করবেন। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক ফোরামের বৈঠকে যোগ দেবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার তুলে দেবে জাতিসংঘের দুটি পৃথক সংস্থা। নিউইয়র্ক থেকে লন্ডন পৌঁছে সেখানে এক দিন কাটিয়ে ৩ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়। জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দিতে আজ বুধবার নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল পৌনে দশটায় বাংলাদেশ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা হোসেন তওফিক ইমাম, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক প্রমুখ। প্রধানমন্ত্রীর সঙ্গে ৬০ সদস্যের সরকারী প্রতিনিধিদল ও ১১৯ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল নিউইয়র্কে যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আগামী ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে ‘শান্তিরক্ষা’ নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কো-চেয়ারপার্সন থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও ওই সম্মেলনের কো-চেয়ার থাকবেন। বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমকে আরও জোরদার করতে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেবেন। আইএস ও উগ্রসহিংসতা রোধ নিয়ে ২৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ওবামা আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ওবামা ও মিশেল ওবামার নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা। এছাড়াও বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা হবে প্রধানমন্ত্রীর। এসব অনুষ্ঠানের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামার বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.