সুজিত দত্ত পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে যাত্রীবাহী বাস উল্টে ১জন নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের চমেক হাসপাতাল ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া বাইপাস সড়কের গাজীর পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সৌদিয়া চেয়ারকোচ (নং-১১-০২-৩৪) উল্টে খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এ সময় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে প্রেরণ করেন।
এতে শামসুল হক (৫৫) নামের এক যাত্রী নিহত হয়। তিনি সাতকানিয়ার জুনু সওদাগরের পুত্র বলে জানা গেছে। নিহত শামসুল হক আগ্রাবাদ লাকী প্লাজার ব্যবসায়ী। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে সূত্রে প্রকাশ। উদ্বারকাজে নিয়োজিত পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন বড়ুয়া বলেন, পটিয়া বাইপাসে সৌদিয়া বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে এক যাত্রী নিহত ও ২৫ জনের মত যাত্রী নানা ভাবে আহত হয়।
আমরা সহ পটিয়া থানা পুলিশ সদস্যরা উদ্বারকাজ চালিয়ে আহত ও নিহতদের উদ্বার করেছি। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিমল কান্তি বলেন, কক্সবাজার থেকে আসা চট্টগ্রাম শহরমুখী সৌদিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও প্রায় ২৫ জন গুরুত্বর আহত হয়।
