বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

0

সিটিনিউজবিডি : জেলার মোকামতলা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলায় মোকামতলার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ছাতিয়ামালা এলাকার কাদের আলীর ছেলে আশরাফ আলী (৩৫), একই এলাকার বকিয়ত আলীর ছেলে আব্দুল কাদের (৩০) ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বিষ্ণুপুর এলাকার মুনছুর আলীর ছেলে আবুল কালাম আজাদ (৩৫)। তারা সবাই ঢাকার গার্মেন্টসকর্মী ছিলেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কোচ ময়মনসিংহ পরিবহন (ঢাকা-জ ০৪-০১০৩) মোকামতলার বটতলা এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা ছাফা-মারোয়া পরিবহনের (ঢাকা-চ ৪৮২৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ময়মনসিংহ পরিবহনের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় ১২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সেখান থেকে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

ওসি এস এম মাসুদ পারভেজ আরও জানান, আহত ১০ জনকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দুর্ঘটনাকবলিত কোচ দুটি আটক করা গেলেও এর চালক ও হেলপারদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.