স্পোর্টস ডেস্ক : স্পোর্টিং গিজনের সঙ্গে প্রথম ম্যাচটাই ড্র করে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। ওই এক ম্যাচের পরই মাদ্রিদের সবাই শঙ্কায় ভূগতে শুরু করেছিল, না জানি এই মৌসুমটাও হতাশায় কাটাতে হয়; কিন্তু না, রোনালদো-বেনজেমাদের দুর্দান্ত ফর্ম, এ বিষয়টা নিয়ে আর ভাবাচ্ছেই না রিয়াল সমর্থকদের।
এই যেমন ধরুন, বার্সেলোনা একদিকে যখন প্রতিপক্ষের মাঠে গিয়ে ৪-১ গোলে বিধ্বস্ত হচ্ছিল, অপরদিকে তখন প্রতিপক্ষের মাঠে গিয়েও করিম বেনজেমার দুর্দান্ত জোড়া গোল, পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে আনল রিয়াল মাদ্রিদকে।
এস্টাডিও সান মামেসে গিয়ে স্বাগতিক অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৫ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ১৩। সমান সংখ্যাক ম্যাচে সমান পয়েন্ট আরও দুই দলের। সেল্টা ভিগো এবং ভিয়ারিয়েল। তবে তাদের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষ নামটি রিয়ালেরই।
প্রতিপক্ষের মাঠে গিয়ে সেরা একাদশ বাছাই করতেই যেন ঘাম ছুটাতে হয়েছে কোচ রাফায়েল বেনিতেজকে। ইনজুরির কারণে ছিলেন না সার্জিও রামোস, দানিলো, হামেস রদিগেজ এবং গ্যারেথ বেল। এ ফাঁকে অবশ্য সেরা একাদশে সুযোগ পেয়ে যান মাতেও কোভাসিস।
অপরদিকে সপ্তাহের শুরুতে ভিয়ারিয়েলের কাছে ৩-১ গোলে হারা বিলবাও দারুন সূচনা করেছিল রিয়ালের বিপক্ষে। শুরুতেই বিলবাওয়ের স্ট্রাইকার আরিৎজ আদুরিজের বেশ কয়েকটি আক্রমণ ঠেকাতে রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানে এবং দানি কারভাজলকে হার্ড ট্যাকল পর্যন্ত করতে হয়েছে।
তবে রিয়ালের পরিকল্পনা তখনও বুঝতে পারা ছিল যেন কঠিন। বরং স্বাগতিকদের চরম ভূলের খেসারত দিতে হলো গোল হজম করে। গোলরক্ষক ইরাইজজ গোল কিক নিতে গিয়ে বল দিয়েছিলেন সান হোসেকে। সেই ডিফেন্ডার আবার ব্যাক পাস দিতে গিয়ে বল দিয়ে দেন বেনজেমাকে। আর গোলের জন্য ক্ষুদার্ত বেনজেমা এমন সহজ সুযোগই বা ছাড়বেন কেন? ১৯ মিনিটেই তাই ১-০ ব্যবধানে এগিয়ে গেল রিয়াল।
গোল হজম করার পর সেটি শোধ করতে মরিয়া হয়ে ওঠে অ্যাথলেটিক বিলবাও। একের পর এক চাপ বাড়াতে থাকে রিয়ালের রক্ষণের ওপর। যে কারণে আরিৎজ আদুরিজ খুব কাছ থেকে রিয়াল গোল লক্ষ্যে শট নিয়েছিলেন। গোলরক্ষক কেইলর নাভাস ঝাঁপিয়ে পড়ে সেটিকে রক্ষা করেন।
দ্বিতীয়ার্ধে যেন আরও উজ্জীবিত অ্যাথলেটিক বিলবাও। একের পর এক আক্রমণে ব্যস্ত করে তোলে রিয়ালের রক্ষণভাগ। যার ফল পায় তারা ৬৭ মিনিটে। এ সময় মার্কেল সুসায়েতার দুর্দান্ত এক পাস থেকে দারুন হেড নেন মেরিনো সাবিন। বল জড়িয়ে যায় রিয়ালের জালে। ১-১ গোলে সমতা। লা লিগায় ৪২৭ মিনিট পর প্রথম গোল হজম করলো রিয়াল মাদ্রিদ।
এরপর তিন মিনিটও অপেক্ষা করতে হয়নি। রিয়ালকে আবারও এগিয়ে দেন করিম বেনজেমা। একেবাওে ফাঁকা জায়গা পেয়ে গিয়েছিলেন ইসকো। তিনি পাস দেন বেনজেমাকে। খুব কাছ থেকে দ্বিতীয় গোল করেন এই ফরাসি তারকা।
এর কিছুক্ষণ পর অবশ্য সুযোগ পেয়েছিলেন রোনালদোও। কিন্তু বাম পাশ থেকে তার নেওয়া কোনাকুনি শটটি জাল খুঁজে পায়নি। ফলে মাদ্রিদের অলটাইম গোল স্কোরারের খেতাব জিততে আরও দুই গোলের অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে।
অ্যাথলেটিক বিলবাও শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে গোল শোধ করতে। কিন্তু তাদের সব আক্রমণ থমকে যায় গোলরক্ষক কেইলর নাভাসের সামনে। আরিৎজ আদুরিজের অন্তত দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে তিনি বাঁচিয়ে দেন রিয়ালকে।
