বাঁশখালীতে যথাযোগ্য মর্যাদা মহান বিজয় দিবস উদ্যাপন
বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের প্রথম প্রহরে স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।
পরে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এতে বিজয়ীদের উপজেলা পরিষদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম মানিক, আবদুর রাজ্জাক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এতে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘দীর্ঘ ৯ মাস স্বাধীনতা সংগ্রামের পর আজকের এই দিনে বাঙালী জাতি বিজয় লাভ করেছিল। এই বিজয় আমাদেরকে বিশ্বের দরবারে গৌরাবান্বিত করেছে। আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাড়াতে পেরেছি। কোন অপশক্তি আমাদের এই অর্জিত স্বাধীনতার মান যাতে ক্ষুন্ন করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আজকে জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছেন। তাই এ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
