স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে আসছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমের। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা এই বাঁ-হাতি পেসার শুক্রবার মুলতানের এক ঘরোয়া ম্যাচে এক ইনিংসে সাত উইকেট নিয়ে দলকে দারুণ জয় এনে দেন।
পাঁচ বছরের নিধষেধাজ্ঞা শেষ হওয়ার পর এটিই ছিল আমেরের প্রথম ম্যাচ। ১ সেপ্টেম্বর পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসবি) কর্তৃক পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছেন ২৩ বছর বয়সী পেসার মোহাম্মদ আমের।
২০১০ সালে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তিন পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমের। সম্প্রতি এই তিনজনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।
কায়েদে আজম ট্রফিতে অংশ নেয়ার লক্ষ্যে বাছাই পর্ব খেলা ‘সুই সাউদার্ন গ্যাস কর্পোরেশন’র (এসএসজিসি) হয়ে খেলছেন মোহাম্মদ আমের। শুক্রবার ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬১ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়ে পাকিস্তানের স্টেট ব্যাংকের বিপক্ষে দলকে অসাধারণ এক জয় এনে দেন তিনি। এর আগে প্রথম ইনিংসে ৩ উইকেট নেন এই বাঁ-হাতি পেসার। সব মিলিয়ে ম্যাচে ১৩১ রানে ১০ উইকেট লাভ করেন তিনি। এই নিয়ে সর্বশেষ দুই ম্যাচে ১৭ উইকেট নেন আমের।
দারুণ বোলিং করতে পারায় উচ্ছ্বাস ঝরে মোহাম্মদ আমেরের কণ্ঠে। শুক্রবার মুঠোফোনে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী এই পাক পেসার বলেন, ‘আমি আমার বোলিং উপভোগ করছি এবং নিজের উন্নতিতে সন্তুষ্ট। দিন দিন আমি আরো বেশি ভালো অনুভব করছি।’ আন্তর্জাতিক ক্রিকেট ফেরার তাড়া নেই জানিয়ে তিনি বলেন। যদি আমি পুরো ছন্দ ফিরে পাই তবেই আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে ভাববো।
