স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার লিওনেল মেসি ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে চলে গেছেন। যা দলটির জন্য বিরাট একটি ধাক্কাই বলা চলে। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে কোনো রকমে জয় পেয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।
তবে শনিবার রাতে শেষ রক্ষা হয়নি গত মৌসুমে ট্রেবলজয়ী দলটির। স্প্যানিশ লা লিগা ফুটবলে সেভিয়ার কাছে ২-১ গোলে হেরে এবারের লা লিগে দ্বিতীয় হারের স্বাদ পেল নেইমার-সুয়ারেজের দল।
এদিন ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই বার্সার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে সেভেয়া। লুই এনরিকের বার্সেলোনাও চেষ্টা করেছে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে।
ম্যাচের ৫২ মিনিটে ড্যানিশ ফুটবলার মাইকেল ক্রোহন-দেহলি সেভিয়াকে এগিয়ে নেন। এর ৬ মিনিট পরই ব্যবধান গ্বিগুণ করেন স্প্যানিশ ফুটবলার ভিসেন্তে ইবোরা।
দুই গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায়। কিন্তু শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি নেইমার-সুয়ারেজরা। তবে খেলার ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন নেইমার। এ হারের ফলে লিগের শীর্ষস্থানচ্যুত হওয়ার শঙ্কায় পড়েছে বার্সা।
