প্রধানমন্ত্রীর বক্তব্য দুঃখজনক : বিএনপি

0

সিটিনিউজবিডি : ‘সম্প্রতি দেশে পরপর দুইজন বিদেশী নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াত জোট জড়িত’; শাসক দলের প্রধান থেকে শুরু করে সরকারের বিভিন্ন মহলের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রীর এ বক্তব্য অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেও দাবি করেছে বিএনপি।

নয়াপল্টনে রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, তদন্তাধীন বিষয়ে শাসক দলের প্রধান ও সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে— বিদেশী নাগরিক হত্যার সঙ্গে বিরোধী দলের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের এ ধরনের বক্তব্য অনভিপ্রেত। আমরা এ বক্তব্যের নিন্দা জানাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরে আজকে (রবিবার) সংবাদ সম্মেলনে বলেছেন, দুই বিদেশী হত্যায় আইএসের জড়িত থাকার বিষয়ে সরকার নিশ্চিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রীও এমন কথাই বলেছেন। এ ঘটনায় প্রকৃত দোষী যারা, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে বিএনপি।

বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেউ একজন নিজেকে আইএসের সদস্য দাবি করে বাংলাদেশে দুই বিদেশী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তবে এটা নিশ্চিত হওয়ার আগে তদন্ত করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীরও বক্তব্য একই ধরনের। তারপরও শাসক দলের কেউ কেউ তদন্তের আগেই এর দায় বিএনপির উপর চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিপন।

আসাদুজ্জামান রিপন বলেন, গতকাল সাদা পোশাকে র‌্যাবের লোকজন রংপুর মহানগর বিএনপি নেতা ও রংপুর জেলা যুবদল সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকু ও বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লবকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাদের তুলে নেওয়ার সময় তারা র‌্যাব-১৩’র লোক পরিচয় দেয়। লাকুর বাড়ি র‌্যাব-১৩ কার্যালয়ের পাশেই। এসময় লাকুর পরিবারের সদস্যরা র‌্যাবের একজনকে চিনতে পারে। পরে র‌্যাব স্বীকার করে তাদের গ্রেফতারের কথা।

বিএনপির মুখপাত্র বলেন, পুলিশের বিভিন্ন সংস্থা প্রায়ই সাদা পোশাকে লোকজনকে তুলে নিয়ে যাওয়ার কথা আমরা শুনে থাকি। কিন্তু সাদা পোশাকে র‌্যাবের লোকজনও মানুষকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি বেআইনি। এটাকে কোনোভাবেই আইনসম্মত পদক্ষেপ বলে আমরা মনে করি না। আমরা আইনশৃংখলা বাহিনীর এ ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ডকে কখনও সমর্থন করি না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আইন বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও আহ্বান জানাই।

তিনি বলেন, সাদা পোশাকে বিরোধীদলের লোকজনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা র‌্যাবের নতুন কিছু নয়। কিছুদিন আগে চাপাইনবাবগঞ্জের বিএনপির ৬ জন নেতাকর্মীকে তারা তুলে নিয়ে যাওয়ার পরও স্বীকার করেনি। দীর্ঘ ২৪ দিন পর র‌্যাবই তাদের গ্রেফতারের কথা স্বীকার করে। এর আগে কুমিল্লার লাকসামে আমাদের দলের সাবেক এমপি হুমায়ুন কবির হিরুকে তারা তুলে নিয়ে গেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকেও সাদা পোশাকের র‌্যাব তুলে নিয়ে গেছে বলেও তার পরিবার অভিযোগ করেছে। আজও তাদের হদিস পাওয়া যায়নি।

রিপন বলেন, এভাবে আইন বহির্ভূতভাবে মানুষকে তুলে নিয়ে যাওয়ার আমরা তীব্র নিন্দা করি। অবিলম্বে রংপুর বিএনপির নেতা লাকু ও বিপ্লবের নিঃশর্ত মুক্তি দাবি করি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, যুবদলের সহসভাপতি এ্যালবার্ট পি কস্টা প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.