ঢাকা অফিস : বিদেশি দুই নাগরিক দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার ঘটনা এবং এরপর উৎকণ্ঠার জের ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৬৮টি কারাগারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষত যেসব কারাগারে জঙ্গি সংগঠনের সদস্যরা বন্দী আছেন, সেসব কারাগারে নিরাপত্তা দ্বিগুণ বাড়ানো হয়েছে।
কারাবন্দি জঙ্গিরা যাতে কারাভ্যন্তরে বসে কোনো ধরনের নাশকতামূলক তৎপরতা যাতে না চালাতে পারে বা কোনো পরিকল্পনার ছক কষতে না পারে সেজন্য তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, কারাগারে সব সময়ই জোরদার নিরাপত্তা থাকে। এরপরও সাম্প্রতিক ঘটনাবলি বিবেচনায় দায়িত্বরত সবাইকে আরো বেশি সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া দেশের প্রতিটি কারাগারের বাইরে পুলিশ ও র্যাবের টহল বাড়ানো হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তার অংশ হিসেবে কারাগারগুলোতে বন্দিদের নিরাপত্তা রক্ষায় জেল সুপার, জেলার, ডেপুটি জেলার ও কারারক্ষীরা অতি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সূত্র জানায়, দেশের ৬৮টি কারাগারে প্রায় ৪শ’ জঙ্গি বন্দী রয়েছে। ভয়ঙ্কর জঙ্গিরা বন্দী রয়েছে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে। এর বাইরে সবচেয়ে বেশি জঙ্গি বন্দী রয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। জানা যায়, এখানে বন্দিদের মধ্যে ২৪ জন জেএমবি সদস্য। অন্য কারাগারগুলোর কোনো কোনোটিতে সর্বোচ্চ ১০ জন জঙ্গি বন্দী রয়েছে বলে জানা গেছে।
