পটিয়ায় ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন-বাতিল নিয়ে ক্ষোভ চরমে
সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় ১৩ নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে ১, ২ ও ৩ নং ওয়ার্ড আ’ যুবলীগের কমিটি ঘোষণার দুই দিনের মাথায় বাতিল করা হয়েছে। এ নিয়ে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ।
জানা গেছে, রবিবার (৪ অক্টোবর) পটিয়া উপজেলা যুবলীগের প্যাডে কমিটির আহবায়ক হাসানউল্লাহ চৌধুরী ও যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির ও আরেক যুগ্ম আহবায়ক রিটন নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২ অক্টোবর বিকেলে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়াডের সম্মেলন ও কর্মী সভায় এ ৩ টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছিল।
পটিয়ার উপজেলার আওয়ামী যুবলীগের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত সংগঠন। কেন্দ্রীয় নির্দেশনায় এলাকায় বৈরী পরিবেশ সৃষ্টি হওয়ায় আপাতত কমিটি গঠন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়ার পরও গত ২ অক্টোবর শুক্রবার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ১, ২ও ৩ নং ওয়ার্ডের যুবলীগের কমিটি ঘোষণা করে ইউনিয়ন আহবায়ক কমিটি। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজের আমাদের গোচরীভূত হওয়ায় উক্ত কমিটিগুলো বাতিল ঘোষণা করা হলো। আলোচনা সাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।
অপর দিকে, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন যুবলীগের তিনটি ওয়ার্ডের কমিটির ঘোষণার দুই দিনের মাথায় কেন বাতিল করা হয়েছে এ নিয়ে তৃণমূলে ক্ষোভে প্রকাশ করেছেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। যুবলীগ নেতাদের এ কান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা ঝড় বইছে।
পটিয়া দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক মোরশেদুল হক বলেন, আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ড কমিটি গঠন বা বাতিলের ক্ষমতা রাখে ইউনিয়ন কমিটি। ইউনিয়ন কমিটির মতামত না নিয়ে উপজেলা কমিটি ওয়ার্ড কমিটি গঠন বা বাতিল করা যুবলীগের গঠনতন্ত্র পরিপন্থী। ও তারা কমিটি গঠন বা বাতিলের এখতিয়ার রাখে না। কেন্দ্রীয় কমিটির কাছে যাবো।
জানা গেছে, গত ২ সেপ্টেম্বর পটিয়া উপজেলার চারটি ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই কমিটি বিলুপ্ত ঘোষণা করে তোপের মুখে পড়ে উপজেলা যুবলীগের বর্তমান আহবায়ক কমিটি।
এ ব্যাপারটি নিয়ে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের কাছেও নালিশ যায়। পরে কেন্দ্র থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগকে নির্দেশনা দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এরপর গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী স্বাক্ষরিত এক বার্তায় বিলুপ্ত করে দেওয়া চার ইউনিয়নের কমিটি পুনরায় বহাল রাখতেও নির্দেশনা দেওয়া হয়।
এ ব্যাপারে কথা বলতে উপজেলা যুবলীগের আহবায়ক হাসানউল্লাহ চৌধুরী ও যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশিরকে ফোন করা হলেও তারা ফোন ধরেননি।
