স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ‘এ’দলের হয়ে ভারত সফরে গিয়ে ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন ডানহাতি পেসার রুবেল হোসেন। বেঙ্গালুরুতে ভারত ‘এ’দলের বিপক্ষে শেষ তিনদিনের ম্যাচের প্রথম দিনে মাত্র ২.৫ ওভার বোলিং করেই বাম পায়ের কাফ মাসলে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন এ ডানহাতি পেসার। পরে বোলিং-ব্যাটিং কিছুই করতে পারেননি।
তাই দেশে ফিরে খেলা হয়নি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় পর্বে। এমনকি শনিবার থেকে শুরু হতে যাওয়া এনসিএলের তৃতীয় পর্বেও খেলা হবে না দেশের এই দ্রুতগতি সম্পন্ন বোলারের। তবে শনিবার থেকে হালকা দৌড় শুরু করবেন। আর আগামী দুই সপ্তাহ পর বোলিং শুরু করবেন বলে জানান রুবেল।
দেশে ফেরার পর ডানহাতি এ পেসারের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে নিজের অগ্রতি নিয়ে রুবেল বলেন, ‘প্রথম কদিন তো পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। হাঁটতেই পারছিলাম না। তবে এখন ব্যথা নেই। আজকে ওয়েট নিয়ে হাঁটলাম, ব্যথা করেনি। সমস্যাও বোধ করছি না।’
বাংলাদেশ ‘এ’দলের হয়ে ভারত সফরে ভালো বোলিং করছিলেন রুবেল। তবে সফরের শেষ ম্যাচে হঠাৎ করে ইনজুরিতে পড়ার পেছনে চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেটকে দায়ী করলেন রুবেল।
ভারত সফরে শেষ তিন দিনের ম্যাচে ইনজুরির কবলে পড়া প্রসঙ্গে ডানহাতি এ পেসার বলেন,‘আগের কোনো ইনজুরি-সমস্যা ছিল না। ইনিংস শুরুর আগেও প্র্যাকটিস উইকেটে বোলিং করেছি পুরোদমে। কিন্তু ম্যাচের উইকেটটা ছিল খুবই শক্ত। ডেলিভারি স্ট্রাইকে আমাদের সবারই সমস্যা হয়েছে। তাই আমার ইনজুরিটা হয়েছে উইকেটের জন্য। এমনকি শফিউলেরও ইনজুরি হয়েছে উইকেটের কারণেই।’
এমন ইনজুরির কারণে কয়েক দিন ব্যথার কারণে ঠিকমতো চলাফেরাও করতে পারেননি রুবেল। তাই বল হাতে নিতে আরও অন্তত সপ্তাহ দুয়েক সময় লাগতে পারে বলে মনে করছেন রুবেল হোসেন। দুই সপ্তাহ পর বল হাতে নিলেও আস্তে-আস্তে বোলিং করবেন। পুরো ছন্দে বোলিংয়ে ফিরতে আর সময় লাগবে তার।
এ বিষয়ে রুবেল বলেন, ‘দুদিন পর থেকে হালকা দৌড় শুরু করব। তারপর আস্তে আস্তে চাপ বাড়াব। তাই আশা করছি, দুই সপ্তাহ পর থেকে আস্তে আস্তে বোলিং শুরু করব।’
