হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুরে মাদকে কেড়ে নিল মো. শরিফ (২২) নামে এক এক যুবকের প্রাণ। মাদকের ব্যাপার নিয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তার মৃত্যু হয় বলে জানালেন প্রত্যক্ষদর্শীরা।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জব্বারুল ইসলাম জানান। মৃত শরিফ হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের দক্ষিণ কুয়াইশ গ্রামের নুর নবীর সন্তান।
জব্বারুল ইসলাম বলেন, রাকিব নামের এক ছেলে শরিফকে বাসা থেকে ডেকে গোলাম গাছতলা এলাকায় নিয়ে যায়। আগে থেকে ওৎ পেতে থাকা আরো ৫ থেকে ৬ জনসহ মিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।
পরবর্তীতে আমারা গোলাম গাছতলা ডোবার পাশ থেকে শরিফের লাশ উদ্ধার করেছি। ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
শরিফের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আসামিদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে।
