সিটিনিউজবিডি : ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন চলাচল বন্ধসহ ৬ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে।
সোমবার সকাল ৬টা থেকে জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের কারণে ব্রাহ্মণবাড়িয়া-সিলেট, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম রুটে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে শহরের ভাদুঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পৈরতলা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বলেন, ‘আমারা দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন তা শুনছেন না। তাই কোনো প্রতিকার না পেয়ে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’
