স্পোর্টস ডেস্ক : আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নেই। গতকাল রবিবার দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র বৈঠকে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান একথা।
গত সেপ্টেম্বরের শেষ দিকে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করে। পরবর্তীতে চলতি মাসের মাঝামাঝিতে দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফরটিও স্থগিত হয়। অস্ট্রেলিয়া জাতীয় দল এবং দক্ষিণ আফ্রিকা নারী দলের সফর স্থগিত হওয়ায় যুব দলের বিশ্বকাপ আয়োজন নিয়েও তৈরি হয় সন্দেহ।
নিজামুদ্দিন চৌধুরী সুজন দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানান, ‘অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ বাংলাদেশেই থাকছে। এটা নিয়ে এখনো তেমন আলোচনা হয়নি। আজ ও আগামীকাল আইসিসির বোর্ড সভা আছে সেখানে হয়তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’
এদিকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সময়ও বাংলাদেশে প্রতিকূল পরিস্থিতি ছিলো। তখন টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে ভারতকে রাখা হয়েছিল। এখনো তাই হচ্ছে। যদি কোনো কারণে এখানে যুব বিশ্বকাপের আয়োজন না হয় তখন অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আইসিসি বিকল্প ভেন্যুর কথা ভাবছে। সেটা ভারত অথবা শ্রীলঙ্কা হতে পারে।’
তিনি আরো জানান, দুবাইয়ে আইসিসির মিটিংয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথা হয়েছে। তারা আগামী বছরে ফাঁকা সময়ে বাংলাদেশে আসতে সম্মতি দিয়েছে।’
অস্ট্রেলিয়া না আসায় আগামী মাসে জিম্বাবুয়েকে বাংলাদেশ সফরে আনতে চাচ্ছে বিসিবি। এ প্রসঙ্গে মিডিয়া ম্যানেজার বলেন, জিম্বাবুয়ের সাথে আমাদের বোর্ড সভাপতি দুবাইয়ে কথা চলছে। বোর্ড মিটিং শেষে দেশে ফিরলে জানা যাবে জিম্বাবুয়ে কবে আসবে।’
তিনি আরো জানান, ২০ নভেম্বর থেকে বিপিএল শুরু হবে। তার আগেই জিম্বাবুয়েকে সফরে আনতে চায় বিসিবি।
