‘প্রধানমন্ত্রীর বক্তব্যে দোষীরা প্রশ্রয় পাবে’

0

সিটিনিউজবিডি : বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে প্রকৃত দোষীরা প্রশ্রয় পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য প্রচারিত হয়েছে, তাতে বলা হয়েছে, খালেদা জিয়া সন্ত্রাস সৃষ্টি করতে বিদেশিদের হত্যা করছেন।

“সরকারের শীর্ষ পর্যায় থেকে যখন এ ধরনের উদ্ভট অভিযোগ তোলা হয়, তখন প্রকৃতপক্ষে যারা দোষী এবং ওই ঘটনার যারা নায়ক, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, গণতন্ত্রকে বিপন্ন করতে চায়, তাদের প্রশ্রয় দেওয়া হয়।

আসাদুজ্জামান রিপন বলেন, আমরা প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানাই।

বিএনপির ভাবর্মূতি ক্ষুণ্ন করতেই এমন ‘বানোয়াট ও ভিত্তিহীন’ অভিযোগ তোলা হয়েছে অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, এটা অত্যন্ত অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারের মন্ত্রীদের এসব ‘বিরোধিতামূলক’ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের সময় আরও ছিলেন দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন ও শিরিন সুলতানা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার গণভবনে দেওয়া এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বিদেশে বসে বিদেশি নাগরিকদের হত্যা করাচ্ছে। তিনি নিজেই এ হত্যার জন্য দায়ী।

সম্প্রতি গুলশানের কূটনীতিক পাড়ায় দুবৃত্তের হাতে খুন হন তাবেলা সিজার নামে একই ইতালীয়। এর তদন্ত শুরু হতে না হতেই রংপুরে খুন হয় জাপানি নাগরিক কুনিও হোশি; যা নিয়ে সারা বিশ্বে এখন তোলপাড় চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.