সিটি নিউজঃ ভাসানচরে গেলেন আরও ১ হাজার ৭৫৯ জন রোহিঙ্গা। এর আগে বুধবারও ২ হাজার ২৬০ রোহিঙ্গা ভাসানচরে যান। এটা পঞ্চম দফায় দ্বিতীয় যাত্রা।বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে বাসযোগে চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে রাখা হয় রোহিঙ্গাদের। গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দফায় কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গাকে।
প্রসঙ্গত গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যান। এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ১ হাজার ৮০৫ জন ও তৃতীয় ধাপে দুইদিনে ২৮ ও ২৯ জানুয়ারি ৩ হাজার ২০০ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ১৪ ফেব্রুয়ারি ২ হাজার ১৪ জন ও ১৫ ফেব্রুয়ারি ৮৭৯ জন রোহিঙ্গা ভাসানচরে গেছে।
সিটি নিউজ/ডিটি
