রান্নাঘর::
লুচিযা লাগবে : ময়দা ১ কাপ, লবণ পরিমাণ মতো, তেল বা ঘি তিন-চতুর্থাংশ কাপ, পানি এক-চতুর্থাংশ কাপ, চিনি সামান্য।
যেভাবে করবেন : ময়দা ২ টেবিল চামচ, তেল বা ঘি দিয়ে ময়ান দিন। পানিতে চিনি ও লবণ গুলে নিন। পানি দিয়ে ময়দা মথে ১০ মিনিট রাখুন। ময়দা ১০ ভাগ করুন। পিঁড়িতে খুব সামান্য তেল মাখুন। লুচি বেলে ডুবোতেলে ভাজুন। লুচি তেলে ছাড়ার পর ফুলে উঠলে উল্টান এবং কয়েক সেকেন্ড পর নামান। গরম গরম পরিবেশন করুন।
পুরভরা বেগুনযা লাগবে : বেগুন ৩টি, নারিকেল ১ কাপ কোরানো, আদা কুঁচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুঁচি ১ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি স্বাদ মতো, ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ, অ্যারারুট ২ টেবিল চামচ।
যেভাবে করবেন : বেগুন বোঁটাসুদ্ধ মাঝখান থেকে দুফালি করুন। চামচ দিয়ে কুরিয়ে শাঁস বের করে ওই শাঁসকে অল্প তেলে ভাজুন। নারিকেল কোরা এবং সব মশলা মিশিয়ে কম আঁচে নাড়াচাড়া করুন। ধনেপাতা দিয়ে নামান। বেগুনের খোলে এই পুর ভরে ওপরে অ্যারারুটগোলা ব্রাশ দিয়ে হালকা হাতে লাগিয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।
ফোড়ন সবজির নিরামিষযা লাগবে : পেঁপে, মিষ্টি কুমড়া, বেগুন, পটোল, ঝিঙ্গা, গাজর, টমেটো, আলু, বাঁধাকপি, লাউ, কাঁচকলা টুকরো এক কাপ করে। তেজপাতা ২টি, শুকনা মরিচ ২টি, পাঁচফোড়ন ১ চা চামচ, কাঁচা মরিচ ৪টি, আদা বাটা ১ চা চামচ, তেল আধা কাপ, চালের গুঁড়া দুই চামচ, হলুদ আধা চামচ, মৌরি, জিরা, রাঁধুনি টালা গুঁড়া ১ চামচ, ঘি ২ চামচ, লবণ ও চিনি স্বাদমতো।
যেভাবে করবেন : প্রথমে কড়াইতে তেল ঢেলে ভালোভাবে গরম করে তার মধ্যে একে একে তেজপাতা, শুকনা মরিচ ও পাঁচফোড়ন দিতে হবে। এরপর সব সবজি টুকরাগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। এরপর আদা বাটা, হলুদ, লবণ ও চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে রাখতে হবে। সবজিগুলো সিদ্ধ হলে চালের গুঁড়া পানিতে গুলে সবজির মধ্যে দিতে হবে। এরপর কাঁচা মরিচ ফালি ও টালা গুঁড়া মশলা ও ঘি দিয়ে নামান।
খেজুর কুঁচির মিঠাইযা লাগবে : দুধ ১ কেজি, পোলাও চাল আড়াইশ’ গ্রাম, বাটালি গুড় আধা কাপ, এলাচ-দারুচিনি ২ টুকরো করে, খেজুর কুঁচি আধা কাপ, কিশমিশ ১০টা, কাঠবাদাম ৬টা, গোলাপজল ১ টেবিল চামচ, লবণ সামান্য।
যেভাবে করবেন : পোলাওর চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। হাত দিয়ে কচলে চাল আধাভাঙা করুন। দুধ ও চাল একসঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে মাঝে মাঝে নাড়ুন। চাল সিদ্ধ হলে চুলার আঁচ কমিয়ে দিন। অল্প অল্প বাটালি গুড় দিয়ে নাডুন। সব গুড় দেয়া হলে তার মধ্যে গরম মশলা, খেজুর কুঁচি, কিশমিশ, বাদাম দিয়ে আরও ৫ মিনিট মৃদু আঁচে রেখে নাড়ুন। মিঠাই নামিয়ে গোলাপজল দিন। পরিবেশন পাত্রে ঢেলে ওপরে খেজুর ও কাঠবাদাম কুঁচি ছিটিয়ে দিন। ঠান্ডা হলে ফ্রিজে রাখুন।
