স্পোর্টস ডেস্ক : তৃতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারিয়ে ৩-০ তে সিরিজ জিতে নিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সেইন্ট লুসিয়ায় অজিদের ৬ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। ৩৮ বলে ৬৭ রান করে ম্যাচ সেরা হয়েছেন ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল।
নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে যেনো থামানোই যাচ্ছে না। আগের দুই টি-টোয়েন্টিতেও জিতেছে তারা। তাই তৃতীয় ম্যাচটি তাদের জন্য ছিল সিরিজ নির্ধারণী।
সেইন্ট লুসিয়ায় এদিন টস জিতে শুরুতেই ব্যাটিংয়ে যায় অস্ট্রেলিয়া। শুরুটা বেশ ভালোই হয় তাদের। ৪১ রানের জুটি গড়েন ওয়েড ও ফিঞ্চ। ২৩ রান করে ওয়েড ফিরে গেলেও অন্যপাশে অবিচল থাকেন ক্যাপ্টেন ফিঞ্চ। এরপর ৯ রান করে ফ্যাবিয়ান অ্যালেনের এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন মিচেল মার্শ। পরে অ্যালেক্স নেমেও খুব একটা সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত হেনরিক্সের ৩৩ ও টার্নারের ২৪ রানের সুবাদে ৬ উইকেটে ১৪১ রান গড়ে অজিরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৪ রানে হারায় ওপেনার ফ্লেচারকে। পরে দলীয় ৪২ রানে সিমন্স ফিরে গেলে কিছুটা ব্যাকফুটে পড়ে ক্যারিবীয়রা। এরপর দলের হাল ধরেন ক্রিস গেইল ও নিকোলাস পুরান জুটি। গেইলের ৬৭ ও পুরানের ৩২ রানে চড়ে ৩১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।
সিটি নিউজ/এসআরএস
