সিটিনিউজবিডি : জেলার কাপাসিয়া, শ্রীপুর ও মালেকের বাড়ি এলাকায় শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাহারুল আলম জানান, সকালে মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস স্থানীয় পশমী কারখানার শ্রমিক ফাহিমা আক্তার ওরফে ফাতেমাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।নিহত ফাতেমা শেরপুরের ডনডনিয়া গ্রামের শাজাহান চৌকিদারের মেয়ে। তিনি পশমী কারখানার অপারেটর ছিলেন।
এদিকে, সকাল ৯টার দিকে কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকায় টোকগামী সিমেন্টবাহী কাভার্ডভ্যান পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তরগাঁও মধ্যপাড়ার বাসিন্দা আলী আকবর ও তার নাতি আব্দুর রহমান হৃদয় নিহত হন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানউল্লাহ এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া, জেলার শ্রীপুরে লেগুনার ধাক্কায় ফাইজুদ্দিন (৫৫) নামে বাইসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। সকালে শ্রীপুর-গোসিঙ্গা সড়কের কর্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইজুদ্দিন (৫৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের সুরুজ আলীর ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, বৃদ্ধ ফাইজুদ্দিন বাইসাইকেলে করে বাড়ি থেকে শ্রীপুরে যাচ্ছিলেন। পথে কর্ণপুর এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ৮টার দিকে একটি লেগুনা তার বাইসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সাইকেলসহ রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ফাইজুদ্দিনের লাশ স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়েছে।
