বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানহানির অভিযোগে দায়ের করা পাঁচ মামলা থেকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএম কোর্টের বিচারক এ রায় ঘোষণা করেন।
মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দুটি মামলাসহ আরও কয়েকটি মানহানি মামলা রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন।
এ ছাড়া চিহ্নিত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা করা হয়। ২০১৬ সালের ৩ নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এ মামলা করেন।
বিএনপি প্রধানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘বাদীরা তো কোনোদিন আদালতে আসেনইনি। তার ওপর বাদী মারা গেছে চার বছর আগে। তারপরও খালেদা জিয়ার বিরুদ্ধে করা এ মামলাগুলো বন্ধ হয়নি।’
‘সরকারের প্রভাবে মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল,’ অভিযোগ করেন তিনি।
