সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায়ঘণ্টা বেজেছে আল নাসরের।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে আল-তাউনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রোনালদোর দল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি মিস করেন রোনালদো।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দাপট ছিল আল নাসরের। তবে ম্যাচের ৭১তম মিনিটে আল-তাউনকে এগিয়ে দেন ওয়ালিদ আল-আহমেদ। সেই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
যদিও ম্যাচের বাড়ানো সময় পেনাল্টি পেয়েছিল আল নাসর। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি পোস্টের উপর দিয়ে মারেন সাবেক রিয়াল তারকা। আর তাতেই আল নাসরের হারের পাশাপাশি টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়।
সৌদি ক্লাবটিতে যোগ দেয়ার পর নেয়া প্রথম ১৮টি পেনাল্টিতেই গোল করেছেন রোনালদো। তবে এবারই প্রথম আল নাসরের হয়ে পেনাল্টি মিস করলেন সিআর সেভেন। এদিকে আল নাসরের বিদায়ের দিন কোয়ার্টার ফাইনালে উঠেছে আল হিলাল। আল তাইয়ের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে নেইমারের দল।
কিংস কাপ থেকে বিদায় নিলেও এ মৌসুমে এখনও দুটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে রোনালদোদের।
