র্স্পোটস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ৫৫৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ।
সিরিজের দ্বিতীয় এই টেস্টে প্রথম দিনেই রানের পাহাড়ে উঠেছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনেই ২ উইকেটে ৪১৬ রান তুলেছিল অসিরা।
ওয়ার্নার ২৪৪ ও অধিনায়ক স্মিথ ৫ রান নিয়ে পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা ওয়ার্নার অবশ্য এদিন ইনিংসকে আর বড় করতে পারেননি।
দলীয় ৪২৭ রানে ব্যক্তিগত ২৫৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে মার্ক ক্রেইগকে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার। ৪০৯ মিনিট ক্রিজে থেকে ২৮৬ বলে ২৪টি চার ও ২টি ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজান এই বাঁহাতি।
এরপর দলীয় ৪৬২ রানে ফিরে যান অধিনায়ক স্মিথ (২৭)। এরপর পঞ্চম উইকেটে অ্যাডাম ভোজেস ও মিচেল মার্শ মিলে ৫০ রান যোগ করেন। ৪১ রান করে ফেরেন ভোজেস। দলীয় ৫৩৯ রানে ব্যক্তিগত ৩৪ রান করে বিদায় নেন মার্শ।
এরপর অবশ্য একই ওভারে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নেন মার্ক ক্রেইগ। ওই ওভারের প্রথম বলে পিটার নেভিলকে বিদায় করার পর চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে দুই মিচেল- স্টার্ক ও জনসনকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন কিউই অফ স্পিনার। যদিও শেষ পর্যন্ত তার হ্যাটট্রিক আর হয়নি।
পরের ওভারেই ইনিংস ঘোষণা করেন স্মিথ। ১৩৩ ওভারে ৯ উইকেটে ৫৫৩ রান তোলে স্বাগতিকরা। জশ হ্যাজেলউড ৮ ও নাথান লায়ন ৪ রানে অপরাজিত ছিলেন। দলের পক্ষে সর্বোচ্চ ২৫৩ রানের মহাকাব্যিক ইনিংসটি খেলেন ওয়ার্নার। আগের দিনে সেঞ্চুরির স্বাদ নেওয়া উসমান খাজার ব্যাট থেকে আসে ১২১ রান। ৪০ রান করেন ওপেনার জো বার্নস।
নিউজিল্যান্ডের পক্ষে মার্ক ক্রেইগ সর্বোচ্চ ৩ উইকেট নেন ১২৩ রানের বিনিময়ে। এ ছাড়া ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও ডগ ব্রাসওয়েলের ঝুলিতে জমা পড়ে ২টি করে উইকেট।
