সাতক্ষীরা প্রতিনিধি : নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদের বিচার অবশ্যই হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসী কাজে জড়িতরা দুনিয়ায় কোথাও কোন জয়লাভ করতে পারেনি।
শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ভবনে বন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ প্রমুখ।
বৈঠকে মন্ত্রী ভোমরা বন্দরে বিদ্যমান সমস্যাসমূহ দূর করে উন্নয়নকল্পে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এর আগে মন্ত্রী সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের খুলনা বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
