ঢাকা অফিস :: রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ কোনো আদেশ দেয়নি। ফলে হাইকোর্টের রায় বহাল থাকল।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ সোমবার রাষ্ট্রপক্ষের আবেদন শুনে ‘নো অর্ডার’ দেন।
মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিওন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের জামিন আদেশ বহাল থাকায় মির্জা ফখরুলের মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
আপিল বিভাগে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। লিওন তার সঙ্গে ছিলেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যার্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
বিএনপির এই নেতার জামিন প্রশ্নে আগে দেওয়া রুল নিষ্পত্তি করে ২৪ নভেম্বর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ তিন মাসের জামিন দেয়।ওই জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষ গত বৃহস্পতিবার চেম্বার আদালতে আবেদন নিয়ে গেলে বিচারক বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় তা সোমবার আপিল বেঞ্চে আসে।
