স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের জয়ের টার্গেট দাঁড়িয়েছে ১৪২ রান। দুপুর ২টায় শুরু হওয়া এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করেছে মাশরাফি বিন মর্তুজার দল। সর্বোচ্চ ৪৫ রান (অপরাজিত) করেছেন পাকিস্তানী ক্রিকেটার আসর জায়িদি। এ ছাড়া ওপেনার লিটন কুমার দাসের ব্যাট থেকে এসেছে ৩১ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই ম্যাচে নিয়মিত উইকেট হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে সাজঘরের পথ ধরেছেন দলটির পাকিস্তানী ওপেনার আহমেদ সেহজাদ; ব্যক্তিগত ৯ রানে। কুমিল্লার সংগ্রহ তখন ১৮ রান। এর ১২ রান পরই মুস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছেড়েছেন ওয়ানডাউনে নামা ইমরুল কায়েস।
উইকেট পতনের ধারার বিপরীতে দাঁড়িয়ে খানিকটা দাপট খাটিয়েছেন ওপেনার লিটন। আর ৬ নম্বরে ব্যাট করতে নামা আসর জায়িদি কেড়ে নিয়েছেন ঢাকার বোলারদের স্বস্তি। মাত্র ২৯ বল খেলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় তুলে নিয়েছেন হার না মানা ৪৫ রান। সেই সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়েছে কুমিল্লা।
ঢাকার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা ও ইয়াসির শাহ। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ, নাসির ও মোশাররফ।
এ ম্যাচ খেলতে নামার আগে দুটি দলই ৫ ম্যাচে সমান ৩ জয় ও ২ হার নিয়ে সংগ্রহ করেছে ৬ পয়েন্ট। তবে রান রেটের বিবেচনায় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা; চতুর্থ স্থানে ঢাকা।
