আয়ারল্যান্ডকে ১০৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক : নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে জয়ের জন্য আয়ারল্যান্ডকে ১০৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান নিগার সুলতানা সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া রুমানা আহমেদ করেন ৩৮ রান। আইরিশদের পক্ষে সিয়ারা মেটকালফ ৪ ওভার বল করে ১৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকের টার্ডথাই ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নেমে সতর্কভাবে শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার শারমিন আক্তার ও নিগার সুলতানা। উদ্বোধনী জুটিতে তারা ৫ ওভারে ২১ রান তোলেন। এরপর ষষ্ঠ ওভারের প্রথম দুই বলেই বাংলাদেশ পরপর দুটি উইকেট হারিয়ে ফেলে কিছুটা চাপে পড়ে যায়। ষষ্ঠ ওভারের দলীয় ২১ রানেই শারমিন আক্তার এলবিডব্লিউ হায়ে সাজঘরে ফিরে গেলে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। শারমিন ১ চারের সাহায্যে ১৪ বলে ৯ রান করেন।

এরপর ব্যাট করতে নামেন লতা মণ্ডল। কিন্তু সুবিধা করতে পারেননি। পরের বলেই ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। তিনি কোনো রান করতে পারেননি। ২১ রানে দুই হারিয়ে কিছুটা চাপে পড়া দলকে টেনে তোলেন নিগার সুলতানা ও রুমানা আহমেদ। তৃতীয় উইকেটে জুটিতে ১৩.২ ওভারে দলীয় সংগ্রহে ৭৪ রান যোগ করেন তারা। ১৯তম ওভারে দলীয় ৯৫ রানে নিগার সুলতানা ৪১ রান করে আউট হলেও শেষ পর্যন্ত ৩৮ রানে অপরাজিত থাকেন রুমানা। এই দু’জনের ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ১০৫ রানের সংগ্রহ দাঁড় করায় টাইগ্রেসরা।

এই টুর্নামেন্টের সেমিফাইনালে জিম্বাবুয়েকে হারিয়ে ইতিমধ্যে বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.