চবি প্রতিনিধিঃ প্রতিবন্ধী মানেই এখন আর সমাজের বোঝা কিংবা অক্ষম মনুষ্য নয়। বাকি দশটা মানুষের মতই তারা এগুচ্ছে দেশের কল্যাণে। মনোবল আর একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে তাদেরকে সুশিক্ষিত ও কর্মসক্ষম জনবলে রূপান্তর করার লক্ষ্যে বর্তমান সরকার যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। এখন তারা দেশ গঠনে ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে প্রতিবন্ধীদের সহযোগিতার লক্ষে বিশেষ তহবিল গঠন করে প্রতিবন্ধীদের সহযোগিতা করছেন। তাঁর এ উদ্যোগ বিশ্বব্যাপী ভূয়সী প্রশংসা পেয়েছে। দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে ৫টি করে প্রতিবন্ধী কোটা বৃদ্ধি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের কল্যাণে নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছেন।
আজ চবির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ডিজএ্যাবল স্টুডেন্টস সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটি (ডিসকু) আয়োজিত দুইদিনব্যাপি উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর আবদুল মান্নান এসব কথা বলেন। এ সময় চবি সিন্ডিকেট সদস্য ও বাংলা বিভাগের প্রফেসর ড. সৌরেন বিশ্বাস, চবি প্রক্টর জনাব মোহাম্মদ আলী আজগর চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগি অধ্যাপক এম ফরিদুল আলম উপস্থিত ছিলেন।
ইউজিসির মাননীয় চেয়ারম্যান আরও বলেন, সমাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীরা রয়েছেন। তারা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় এবং তিনি তাদেরকে কর্মসক্ষম করে তোলার জন্য সর্বস্থরের জনগনের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা প্রদানের আহ্বান জানান। পরে তিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন।
সংগঠনের সভাপতি জনাব সোলায়মান বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জনাব মো: হাসান।
উল্লেখ্য, দুইদিনব্যাপী কর্মসূজির প্রথম দিনে ছিল-ব¬াইন্ড ক্রিকেট, দাবা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
