১৪ দলের ঐক্য হিমালয়ের মতো অটুট – মোহাম্মাদ নাসিম

0

নিজস্ব প্রতিবেদক :    আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেন, ১৪ দলের ঐক্য হিমালয়ের মতো অটুট। এটা কেউ ভাঙতে পারবে না। কোনো ভুল বোঝাবোঝি নেই ১৪ দলের মধ্যে। পৌরসভা নির্বাচনে তারা দলীয়ভাবে (নিজ নিজ দলে) অংশ নিচ্ছে। এটা ভালো লক্ষণ।   রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এ সদস্য বলেন, ‘তিনি আবার যদি মাঠে নামেন, তাহলে জনরোষে পড়বেন। জনগণের আবার মনে পড়বে তিনি পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছিলেন।’ তিনি বলেন, ‘আমরা আপনাকে (খালেদা জিয়া) ধন্যবাদ জানাই। আপনি উপলব্ধি করতে পেরেছেন- নির্বাচন বর্জন শুভ লক্ষণ নয়। তাই আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন।’

তিনি বলেন, ১৪ দল মনে করে এ নির্বাচনে যে যার অবস্থান থেকে ভূমিকা রাখবে। ১৪ দল যার যার অবস্থান থেকে দলীয় প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। ১৪ দল মনে করে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ১০০ ভাগ সফল হবে। এ ব্যাপারে ১৪ দল সর্বাত্মক সহযোগিতা করবে।

পৌর নির্বাচনে নাশকতার আশঙ্কা করছেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আমরা কোনো আশঙ্কা করছি না। নাশকতা বিএনপির উপর নির্ভর করছে। এই প্রশ্নটা তাদের করেন।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবুল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী।

এ ছাড়া ১৪ দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাসদের নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির শাহাদত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়, বাসদের রেজাউর রশীদ খান, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল প্রমুখ।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.