সিটিনিউজবিডি :: আইনের শাসন না থাকায় গণপিটুনির মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে সাত ডাকাত নিহত হওয়ার পর বেসরকারি টেলিভিশনকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, পুলিশকে অভিযোগ করার পর কোনো ব্যবস্থা না নেয়ায় জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে।এটি কোনো ভাবেই কাম্য নয়। এর মধ্য দিয়ে আমাদের সমাজের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির একটি নেতিবাচক চিত্র ফুটে উঠেছে।এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।
কমিশনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, মামলা যখন হয়ে যায় তখন তো আর কমিশনের মামলা করার দরকার হয় না। তবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে আমি মনে করি।
