সিটিনিউজবিডি :: পৌরসভা নির্বাচনে সুযোগ পেলে বিএনপি-জামায়াত নাশকতা করতে পারে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার মাদারীপুরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নৌমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটের মধ্যে দিয়ে একজন প্রতিনিধি নির্বাচিত হবে। বিগত দিনের রাজনীতির দিক বিবেচনা করেই জনগণ এবার নৌকা প্রতীকেই ভোট দিবে।’
‘নির্বাচনে আচরণ বিধি অনুসরণ না করলে কোনো মতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তাহমিনা সিদ্দিকির সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি প্রফেসর মো. আবদুর রশিদ, সাধারণ সম্পাদক সিরাজুল হক আলো, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।
