সিটিনিউজবিডি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যার পর স্বামীও আত্মহত্যা করেছেন।
শনিবার রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে কারখানা থেকে বাসায় ফেরার পথে রাস্তার ওপর ছুরিকাঘাত করে স্ত্রীর মৃত্যু নিশ্চিত জেনে নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেন রায়হান হোসেন (৩৮)।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. মোতালেব মিয়া জানান, নিহত হালিমা বেগম (৩০) সফিপুরের মাহমুদ ডেনিমস লিমিটেড কারখানার শ্রমিক। তিনি দিনাজপুর সদর উপজেলার হোসেনপুর গ্রামের আমিনুর রহমানের মেয়ে। রায়হান হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান, দুই মাস আগে কালিয়াকৈর সফিপুর পূর্বপাড়া এলাকার চুন্নু মিয়ার বাড়িতে স্বামী-সন্তানদের নিয়ে বাসা ভাড়া নেন হালিমা বেগম। তিনি মাহমুদ ডেনিমস কারখানায় চাকরি করতেন। প্রায়ই স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। ২০-২৫ দিন আগে রায়হান তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী ও তিন সন্তানকে রেখে গ্রামের বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরে এলে আবারও দু’জনের মধ্যে কলহ সৃষ্টি হয়।
এর জের ধরে শনিবার রাত ১০টার দিকে কারখানা ছুটি শেষে হালিমা বাসায় ফেরার পথে মালেক স্পিনিং মিলস রোডে বাসার কাছাকাছি পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা রায়হান তার গতিরোধ করে। একপর্যায়ে হালিমার পেটে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে। স্ত্রীর মৃত্যু নিশ্চিত জেনে রায়হান তার নিজের পেটেও ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা এসে দু’জনকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সফিপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. রিফায়েজ মাহমুদ জানান, রাত ১১টার দিকে দু’জনকেই এলাকাবাসী হাসপাতালে নিয়ে আসেন। আসার পথেই তাদের মৃত্যু হয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
