স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ৪৯ বলে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বরিশাল বুলসের ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান। শেষ পর্যন্ত সাব্বিরের ব্যাটে চড়ে দল পৌঁছে গেছে ফাইনালে। ম্যাচসেরাও হয়েছেন, তবুও আক্ষেপ মিটছে না সাব্বিরের।
রংপুরের দেয়া ১৬১ রানের টার্গেটে ভালোই খেলছিলেন সাব্বির ও শাহরিয়ার নাফীস জুটি। এমনকি তারা দলকে প্রায় জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন। প্রথমে নাফীস (৪৪) এবং পরে সাব্বির (৭৯) সাজঘরে ফিরে যান। তবে বরিশালের এই ডানহাতি ব্যাটসম্যান আউট হওয়ায় দলও বেশখানিকটা চাপে পড়ে যায়।
দলকে জিতিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। তাই রোবারের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মলনে সাব্বির রহমান বলেন, ‘ম্যাচটি যাতে কোনোভাবেই যেন শেষ ওভারে না যায় সেই জন্য থিসারা পেরারার ওই বলে ওভার বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলাম। তাই বলতে পারেন আক্ষেপ তো আছেই। শেষ করে আসতে চেয়েছিলাম। একইসঙ্গে চেষ্টা করছিলাম, শেষ ওভার পর্যন্ত ম্যাচটি না নিয়ে যেতে। এজন্যই চেষ্টা করছিলাম বিগ শট খেলতে।’
তৃতীয় উইকেটে সাব্বির-নাফিস ১২৪ রানের জুটি গড়লেও এই দুজনের বিদায়ে শেষ দিকে খানিকটা চাপে পড়ে যায় বরিশাল। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহও দ্রুত সাজঘরে ফেরেন। এ সময় ১৪ বলে ২০ রান প্রয়োজন ছিল বরিশালের। পরে কেভন কুপার ও রায়াদ এমরিতের ব্যাটে চড়ে ৫ উইকেটের জয় নিয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গী হয় বরিশাল।
