সিটিনিউজবিডি :: মহান বিজয় দিবসে লাখো মানুষের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলো সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিজয়ের ৪৪তম বছর পূর্তিতে সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছে সর্বস্তরের মানুষ।
বেলা বাড়ার সাথে জাতীয় স্মৃতিসৌধে জনস্রোত বইতে শুরু করেছে। সমাজের সর্বস্তরের লোকজন দলে দলে যোগ দিচ্ছেন। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সকলেই স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানান।
হাতে ফুল এবং গায়ে লাল সবুজ পোশাক পরে রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দলে দলে আসতে শুরু করেছেন দেশপ্রেমিক জনতা।
সকাল ৬টা ৩৫ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া বিদেশী কূটনীতিক, মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশী বন্ধু, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ উচ্চপদস্থ ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের জনগনের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক।
পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসহ সাধারণ জনতা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বেলা সাড়ে ১০টা নাগাদ ফুলে ফুলে ভরে যায় স্মৃতিসৌধের শহীদ বেদী।
