ঢাকা অফিস : ভূমিকম্পের সময় আতঙ্কে হয়ে ঢাকা ও রাজশাহীতে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিভিন্ন স্থানে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত দুজন হলেন রাজধানীর পূর্ব জুরাইন এলাকার আতিকুর রহমান আতিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রধান বাবুর্চি খলিলুর রহমান।
সোমবার ভোর ৫টা ৭ মিনিটে রাজধানী ঢাকাসহ কেঁপে ওঠে পুরো বাংলাদেশ। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬.৭।
নিহত আতিকুর রহমান আতিক রাজধানীর পূর্ব জুরাইন এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ফর্মগেট শাখায় ব্যবস্থাপনা বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কামারপাড়া গ্রামের মইনউদ্দিনের ছেলে আতিকুর। এই তথ্য নিশ্চিত করেছেন, ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক
অন্যদিকে, নিহত খলিলুর রহমানের বাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে মেহেরচণ্ডী এলাকায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
