সিটিনিউজবিডি :: ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘মানুষের ওপর জুলুম বন্ধ করুন, গুম-খুন বন্ধ করুন। সঠিক পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন।’ তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচন ছিল পাতানো নির্বাচন।’
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে খালেদা জিয়া এ মন্তব্য করেন।
অনেক দিন পর এ ধরনের উন্মুক্ত সমাবেশে বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারপারসন। সর্বশেষ ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ করতে চেয়ে পারেনি।
বিএনপি নেত্রী বলেন, ‘আজকের দিনটি গণতন্ত্র হত্যার দিবস। ৫ জানুয়ারি, আমি চাই জানতে আজ কি কোনো ভোট হয়েছিল? আমরা দেখেছি, ৫ জানুয়ারির আগেই নির্বাচিত হয়ে গেছে। নির্বাচনের আগেই ১৫৪ জন বিনা ভোটেই নির্বাচিত হয়ে যান। এঁদের জনগণের প্রতিনিধি বলা যায় না। আজকে যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা কোনো সরকার বৈধ নয়।’
