সিটিনিউজবিডি :: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলে ফাঁসির দণ্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।
বুধবার (৬ জানুয়ারি) সকালে রায়ের প্রতিক্রিয়ায় নিজামীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘এর আগেও তিন আসামি রিভিউর আবেদন করেছিলেন। কিন্তু তারা কোনো ফল পাননি। সেক্ষেত্রে নিজামী সাহেব রিভিউ নাও করতে পারেন।’
মামলার সাক্ষীদের বিষয়ে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী মামলার সাক্ষীদেরকে সেফ হোমে নিয়ে সাক্ষ্য দেয়া শেখানো হয়েছে। তাদেরকে যেভাবে বলা হয়েছে তারা সেভাবে সাক্ষ্য দিয়েছে। ভবিষ্যৎ ইতিহাস প্রকাশ করবে এই সাক্ষ্য-প্রমাণ সঠিক ছিল কি না।’
চূড়ান্ত রায়ে যে ৪টি অভিযোগে নিজামীকে ফাঁসি দেয়া হয়েছিল তার মধ্যে তিনটি অভিযোগে ফাঁসি বহাল রেখেছেন আদালত। এ ছাড়া ১, ৩ ও ৪ নং অভিযোগে খালাস দিয়েছেন আদালত।
বুধবার সকাল ৯টার দিকে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে নিজামীর আপিল মামলাটির রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
