স্পোর্টস ডেস্ক :: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-২০ ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।গতকাল মঙ্গলবার ঘোষিত এ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
সদ্য শেষ হওয়া বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন রনি। এছাড়া বিপিএলে মোটামুটি পারফরম্যান্স করা ডানহাতি স্পিন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরীও দলে ফিরেছেন।
আর গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা এনামুল হক বিজয় দল থেকে বাদ পড়েছেন। অন্যদিকে, দীর্ঘ এক বছর পর জাতীয় দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার নাসির হোসেন।
আগামী ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি টি-২০ ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে। সব ম্যাচগুলোই অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এই সিরিজকে সামনে রেখে গত রোববার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে মাশরাফিরা।
১৪ সদস্যের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নুরুল হাসান সোহান, আল আমিন হোসেন ও আরাফাত সানি।
