বেলায়েত হোসেন : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাসাবাড়ির ময়লা-আবর্জনা সন্ধ্যার পর ডাস্টবিনে ফেলতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এলাকায় ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ উপলক্ষে এক প্রচারাভিযানে এ অনুরোধ জানান তিনি।
সাঈদ খোকন বলেন, রাজধানীর অন্যতম সমস্যা হলো বাসাবাড়ির বর্জ্য। দিনের বেলায় এসব বর্জ্য অপসারণ করায় নগরবাসীর বেশি ভোগান্তি হয়। তাই প্রতিদিন সন্ধ্যা সাতটার পর থেকে বাসাবাড়ির আবর্জনা ডাস্টবিনে ফেলতে অনুরোধ জানান তিনি। বলেন, তা বাস্তবায়ন হলে সবাইকে একটি সুন্দর সকাল উপহার দেওয়া যাবে।
সাঈদ খোকন আরও বলেন, ‘রাজধানী পরিষ্কার করার দায়িত্ব আমার একার নয়। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। নিজ বাসাবাড়ি ও অফিসের চারপাশ পরিষ্কার রাখতে হবে। নগরের প্রত্যেককে মেয়রের ভূমিকা পালন করতে হবে। তা বাস্তবায়ন হলে স্বপ্নের পরিচ্ছন্ন ঢাকা গড়া সম্ভব হবে।
ঢাকাকে ‘ভালোবাসার শহর’ অভিহিত করে ডিএসসিসির এই মেয়র বলেন, দেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন। আমরা সবাই মিলে কাজ করলে ভালোবাসার নগরের সমস্যাগুলো সমাধান করা সম্ভব। নিজের বাড়ির মতো রাজধানীকেও বাসভবন হিসেবে ভাবতে হবে।
অনুষ্ঠানে মুসা ইব্রাহিম বলেন, নিজের ড্রয়িংরুমের মতো গুরুত্ব দিয়ে পুরো শহরকে চিন্তা করলে শুধু ঢাকা নয়, বিশ্বের কাছে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। এ জন্য ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরের পরিচ্ছন্নতায় সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসিকে আধুনিকায়ন করতে কাজ করতে হবে।
ডিএসসিসির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদের সভাপতিত্বে প্রচারাভিযান শেষে সাঈদ খোকন, মুসা ইব্রাহিমসহ ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝাড়ু হাতে সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রমে ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
