‘উগ্রবাদ মোকাবেলা আ’লীগের বড় চ্যালেঞ্জ’

0

সিটিনিউজবিডি :: বিএনপি নয়, সাম্প্রদায়িক উগ্রবাদ মোকাবেলা আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শনিবার দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় এ কথা জানান তিনি।
১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১১ জানুয়ারি আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘‘বিএনপি আন্দোলন করবে এমন দুশ্চিতা আমাদের মাথায় নেই। আমাদের আজকে চ্যালেঞ্জ হচ্ছে একটা ‘গ্লোবাল ফেনোমেইনো’ সেটা কি? তা হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ। এ সাম্প্রদায়িক উগ্রবাদ মোকাবেলাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তা মোকাবেলার জন্য ১১ জানুয়ারি জনসভায় আমাদের অঙ্গীকার এবং শপথ নিতে হবে। আমাদের শপথ হলো উগ্রবাদ রুখতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।’’

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের হাঁক-ডাক। আষাঢ়ের তর্জন-গর্জন সার। এ তর্জন-গর্জনে বাংলাদেশে এখন আর আন্দোলন করার কোনো পরিবেশ নেই। তাদের আন্দোলনে এখন মরা গাঙ্গে জোয়ার আসবে না।’

আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘বিএনপির আন্দোলন এখন আওয়ামী লীগের জন্য দুশ্চিতার কারণ নয়। কারণ, গত সাত বছরে প্রমাণ হয়েছে তারা আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে। তাদের এখন আন্দোলন করার শক্তি নেই, সামর্থ্য নেই, সাহস নেই এবং জনসমর্থন নেই। কাজেই বিএনপি আন্দোলন করবে এমন দুশ্চিতা এখন আমাদের মাথায় নেই।’

কাদের বলেন, ‘আমাদের এখন কাজ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকব। আওয়ামী লীগের ক্ষতি যদি আওয়ামী লীগ না করে তাহলে বাহিরের কোনো শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না। তাই আমাদের শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকব।’
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জনসভায় একটি খুবই বিব্রতকর দেখায় তা হলো- সবাই জনসভায় ব্যানার নিয়ে আসে কিন্তু কেউ তা নামাতে চায় না। ব্যানারের কারণে গণমাধ্যমে জনসভার আকার বুঝা যায় না। তাই জনসভায় এসে ব্যানার নামিয়ে রাখার জন্য সবাইকে অনুরোধ করব।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য সম্পাদক আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.