ঢাকা অফিস, সিটিনিউজবিডি : আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে প্রথম পর্ব শেষ হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করছেন ভারতের শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা সা’দ । আজ রোববার বেলা ১১টা ১২ মিনিটে টঙ্গীর তুরাগতীরে মোনাজাত শুরু হয় , পঁচিশ মিনিট পর মোনাজাত সমাপ্ত করেন। আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি।
মোনাজাতে অংশ নিতে আজ ভোর থেকে লাখো মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দানে আসেন। মুসল্লিদের আগমনে টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করছেন। বিশ্বশান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানাচ্ছেন। জানাচ্ছেন পাপ থেকে মুক্তির মিনতি।
মুসল্লিরা জানিয়েছেন, ইজতেমার শিক্ষা তাঁরা ছড়িয়ে দেবেন। ব্যক্তি ও সমাজজীবনে তা কাজে লাগাবেন। আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
