কঠোর অনুশীলনে টাইগাররা

0

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজ দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আর বছরের শুরুতেই জয় পেতে মরিয়া টাইগার কোচ হাথুরুসিংহে। তবে দলটা জিম্বাবুয়ে হলেও প্রতিপক্ষকে কম গুরুত্ব দিচ্ছে না মাশরাফি-সাকিব-মুশফিকরা।

এ জন্য বাংলাদেশ ক্রিকেট দল খুলনায় পা রেখেই প্রথম দিনে দু’টি অনুশীলন ম্যাচ খেলে। আর রোববার থেকে অনুশীলন পর্ব শুরু করে টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচ ও রোববারের অনুশীলনের পারফরমেন্সে খুব একটা সন্তুষ্ট নন কোচ হাথুরুসিংহে।

আর সে কারণেই সোমবার বেশ কড়াকড়িই দেখা গেলো টাইগারদের এই কোচকে। নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা বেশী অনুশীলন করিয়েছেন তিনি ক্রিকেটারদের। মূল সেশন শেষ হলেও মাশরাফি বাহিনীকে মাঠে নামিয়ে ফ্লাড লাইটের আলোতে ফিল্ডিং করিয়েছেন।

এবার নতুন বছরে টি২০ মিশন সফল হতে একটুও ছাড় দিতে রাজী নন এই শ্রীলঙ্কান কোচ। অনুশীলনে দ্বিতীয় দিনটা বেশ সিরিয়াস ছিলেন কোচ। অনুশীলনে মনোযোগী ছিলেন সব ক্রিকেটাররাও। শীতের মধ্যেও ঘাম ঝরিয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেন তারা।

সোমবার বেলা আড়াইটায় শেখ আবু নাসের স্টেডিয়ামে আসে মাশরাফির দল। শুরু থেকেই ব্যাটসম্যানরা প্রথমে বোলিং মেশিনে এরপর নেটে এরপর সেন্টার উইকেটে অনুশীলন করেছেন।

ব্যাটসম্যানদের উপরেই বেশী গুরুত্ব দিতে দেখা যায় এদিন কোচকে। বিশেষ করে সাকিব, সৌম্য, তামিম আর মুশফিককে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন কোচ। এছাড়া ব্যাটিং অনুশীলন করেছেন সাব্বির রহমান আর নুরুল হাসান সোহান। সেন্টার উইকেটে বোলিং অনুীশলন করেছেন অধিনায়ক মাশরাফি, মুস্তাফিজ, আল আমিন আর প্রথম দুই ম্যাচের স্কোয়াডে না থাকা তাসকিন আহমেদ।

সাড়ে পাঁচটার দিকে অনুশীলন শেষ করে ক্রিকেটাররা ড্রেসিং রুমে উঠতে শুরু করেন। তবে মাঠে থেকে যান কোচ হাথুরুসিংহে আর ফিল্ডিং কোচ রিচার্ড হ্যাসল। ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে খবর পাঠান ক্রিকেটারদেরকে আবারও মাঠে ফিরিয়ে আনার। প্রায় পৌনে এক ঘন্টা ধরে চলে ক্রিকেটারদের ফিল্ডিং অনুশীলন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.