রাতভর অপেক্ষা করেও মিলছে না টিকেট!

0

স্পোর্টস ডেস্ক : অবাক করা পার্থক্য! ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্রি দিলেও কেউ টিকেট নিতে চাচ্ছে না। কিন্তু খুলনায় একটি টিকেটের জন্য রাতভর অপেক্ষা করতে কারো কোনো কষ্ট নেই!

রূপসা-পারের শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি। বিকেল তিনটায় বল মাঠে গড়াবে। মাঠ থেকে সরাসরি সাকিবদের খেলা দেখার জন্য রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে নগরবাসী।

অন্যদিকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ। আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ নেপালের বিপক্ষে। কিন্তু সেখানে বাদাম দিয়েও লোক নেয়ার উপায় নেই। মামুনুলদের আগের ম্যাচ ছিল মালয়েশিয়ার বিপক্ষে। সেদিনও এই চিত্র চোখে পড়ে। লোক বলতে প্রেসবক্সে জনা কয়েক সাংবাদিক। আর এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোটা কয়েক ‘অলস’ দর্শক।

খুলনায় বুধবার রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চলছে টিকেট কেনার প্রতিযোগিতা। নগরীর খানজাহান আলী রোডের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) খুলনা শাখায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে টিকেট বিক্রি শুরু হয়। ব্যাংকের সামনে থেকে শুরু করে খানজাহান আলী রোডের ফেরিঘাট মোড় এবং সাহেবের কবরখানা সংলগ্ন রামচন্দ্র দাস লেন পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে ক্রিকেটপ্রেমী দর্শকদের ভিড় চোখে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে পুলিশকেও খেতে হচ্ছে হিমশিম। মাঝেমধ্যেই চলছে পুলিশের লাঠিচার্জ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শাখা প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তিনি মোট পাঁচ হাজার ৭৬৮টি টিকেট পেয়েছেন। তবে চাহিদার তুলনায় এ পরিমাণ খুবই কম। কিছু করার নেই। অনেক লোককে খালি হাতে ফিরতে হবে।

খুলনাবাসীর এই ক্রিকেটপ্রেম নতুন নয়। বিসিবির কর্তারা আগেও এমন জনতার ঢল দেখেছেন খুলনায়। হয়তো সে কারণেই বিসিবি পরিচালক শেখ সোহেল আশ্বাস দিলেন, ‘টিকেটের চাহিদা অনেক, কিন্তু স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র নয় হাজার। খুব দ্রুতই এই স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.