পহেলা বৈশাখে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

0
বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্নে করতে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে দেশব্যাপী বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বর্ষবরণকে কেন্দ্র করে তিনভাগে বিভক্ত হয়ে নিরাপত্তার দায়িত্বে থাকবে র‌্যাব। রমনায় পুলিশ-র‌্যাবের গোয়েন্দাসহ বিভিন্ন সংস্থার সাদা পোশাকধারী গোয়েন্দারা অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় তৎপরতা শুরু করেছে। রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোকে আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। এছাড়া রমনা পার্কে থাকবে ওয়াচ টাওয়ার। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর আকাশে ওই দিন সার্বক্ষণিক উড়বে র‌্যাবের হেলিকপ্টার। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির নির্ভরতাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
জনসাধারণের নিরাপত্তার স্বার্থে বিকাল সাড়ে ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, নগরবাসী যাতে নিরাপদে আনন্দমুখর পরিবেশে বৈশাখের অনুষ্ঠান উদযাপন করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সন্ধ্যার পর নিরাপত্তার ঝুঁকি থেকে যায় বলে সন্ধ্যার আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করা নিরাপদ।
তিনি জানান, রমনা বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলবে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্ধারিত করে দেয়া পথ দিয়েই প্রত্যেককে মেলা বা অনুষ্ঠানস্থলে যেতে হবে। অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে, তল্লাশি, বোম ডিসপোজাল ইউনিট, সোয়াত টিম, ফুট পেট্রোল টিম, ওয়াচ টাওয়ার প্রভৃতি নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় থাকবে।  নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলে কোনো ধরনের ব্যাগ, সন্দেহজনক বস্তু, অস্ত্র, ছুরি, নেলকাটার, লাইটার নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, জঙ্গি তৎপরতা মনিটরিংসহ রাজধানীতে পহেলা বৈশাখ সারা দিন হেলিকপ্টারযোগে নিরাপত্তা টহল দেবে র‌্যাব।
এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাকে তিনভাগে ভাগ করে রাজধানীসহ দেশব্যাপী র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এরই মধ্যে দেশব্যাপী বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া রমনা বটমূল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা ইনস্টিটিউট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও শাহবাগ মোড় হতে মৎস্য ভবন এলাকায় র‌্যাবের পোশাকধারী সদস্য, গোয়েন্দা সদস্য, বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড টিম, মেডিকেল টিম কাজ করবে। এছাড়াও চেকপোস্ট এবং টহলসহ পর্যাপ্ত পরিমাণ রুফটপ অবজারভেশন পোস্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.