স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপের বাদ্য বাজা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান। খুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। ভারতও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর খেলবে টি২০ সিরিজ।
কারণ মার্চেই যে ভারতে মাটিতে টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর বসতে যাচ্ছে।
শহীদ আফ্রিদির জন্য এই টি২০ বিশ্বকাপটি বিশেষ তাৎপর্যের। আগেই টেস্ট-ওয়ানডেকে বিদায় বলা এই অলরাউন্ডার বিশ্বকাপের পর বিদায় বলে দেবেন টি২০ ক্রিকেটকেও। এ জন্য তিনি শেষটা করতে চান রাঙিয়ে। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে আত্মবিশ্বাসে খানিকটা চিড় ধরেছিল আফ্রিদির। নিউজিল্যান্ডে গিয়ে প্রথম ম্যাচ ১৬ রানে জিতে সেই বিশ্বাস ফিরে পেয়েছে তার দল পাকিস্তান।
তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে পাকিস্তান জিতেছিল ১৬ রানে। রোববার দ্বিতীয় টি২০ তে স্বাগতিকদের বড় পরীক্ষাই নেবে পাকিস্তান। যদিও মাত্রই শেষ হওয়া টেস্ট, ওয়ানডে এবং টি২০ সিরিজে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি শ্রীলংকা। কিন্তু পাকিস্তান দলে রয়েছে এক ঝাঁক পারফরমার। এরসঙ্গে পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ আমির। বিপিএলে চমৎকার পারফরম্যান্সই তাকে ক্রিকেটে পুনঃজীবন দিয়েছে।
এক প্রান্ত থেকে আমির আরেক প্রান্ত থেকে উমর গুল, সঙ্গে ওয়াহাব রিয়াজ। ভয়ংকর পেসত্রয়ী জ্বলে উঠলে বিপক্ষ ব্যাটসম্যানরা সমস্যায় পড়বে সেটা জানাই। বৈচিত্র্যপূর্ণ স্পিন বোলিংয়েও এগিয়ে আফ্রিদির দল। দুর্দান্ত বোলিং করে চলেছেন বাহাতি স্পিনার ইমাদ ওয়াসিম।
