নেইমারকে রিয়ালে নিয়ে আসবেন কার্লোস!

0

স্পোর্টস ডেস্ক : রবার্তো কার্লোসের মন্তব্যটা বেশ অবাকই করেছিল সবাইকে। কিছুদিন আগেই পুন্তো পেলোতা নামের এক সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, ব্রাজিলীয় তারকা নেইমারকে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসতে পারবেন। তাঁর কথা ফেলার সাধ্য নেই নেইমারের। তাঁর এই মন্তব্য বেশ অবাক করেছিল। কার্লোসের সাবেক সতীর্থই এখন রিয়ালের কোচ। হয়তো জিনেদিন জিদান কার্লোসকে নিজের পাশে চাইছেন। আর ব্রাজিলের সাবেক তারকা কার্লোসের সঙ্গে নেইমারের সেই সম্পর্ক থাকতেও পারে।

বার্সা সমর্থকদের কেউ কেউ একটু ঘাবড়েও গিয়েছিল হয়তো। তবে তাঁদের নির্ভার করছে কার্লোসেরই আরেকটি মন্তব্য ফ্রি কিকের জন্য বিখ্যাত এই ফুলব্যাক। নেইমারকে রিয়ালে নিয়ে আসার কথাটা অনেকেই গুরুত্বের সঙ্গে নিয়েছিল। কিন্তু কার্লোস বলছেন, ব্যাপারটা স্রেফ মজা করেই বলেছিলেন।

ইন্টারইকোনোমিয়া নামের একটি টেলিভিশন চ্যানেলকে সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘কথাটা আমি ততটা গুরুত্বের সঙ্গে বলিনি। নেইমারকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসার কথাটা মজা করেই বলেছিলাম। কিন্তু এখন তো দেখছি সবাই এটা গুরুত্বের সঙ্গেই নিচ্ছে। তবে এটা সত্য, মাদ্রিদ কিন্তু সব সময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে নেয়।’

নেইমারের হাতে ব্যালন ডি’অর পুরস্কারটা দেখতে চান কার্লোস। ইন্টার ইকোনোমিয়ার সঙ্গে কথা বলার সময় এটা নিয়েই তাঁর কণ্ঠে ঝরেছে আশাবাদ, “সে এখনো অনেক তরুণ। তবে আশা করতে পারি, সে পরের বছর ব্যালন ডি’অরের জন্য একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হবে।”

এই মুহূর্তে মাদ্রিদ অবস্থান করছেন কার্লোস। সদ্য দায়িত্ব পাওয়া রিয়াল কোচ জিনেদিন জিদানের সঙ্গে দেখা করেছেন। তাঁর অনুশীলনেও তাঁকে দেখা গেছে। কথা উঠেছে, অচিরেই রিয়াল মাদ্রিদের নতুন কোচিং ব্যবস্থাপনার অংশ হতে যাচ্ছেন। কার্লোস নিজে অবশ্য এমন কথাকে ‘গুজব’ বলেই উড়িয়ে দিয়েছেন, ‘মাদ্রিদ আমাকে দায়িত্ব দিতে চাইছে—এমন কথা ওঠায় ভালোই লাগছে। তবে আমি এখানে এসেছি শুধুই দলের অনুশীলন দেখতে এসেছি, কোচিংয়ের ব্যাপারে কিছু শিখতে এসেছি। আমি কেবলই ফুটবল কোচিং নিয়ে সর্বোচ্চ পর্যায়ের পড়াশোনা শুরু করেছি। তুরস্ক, রাশিয়া ও ভারতে গত পাঁচ বছর কাজ করে কিছুটা অভিজ্ঞতাও নিয়েছি।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লোসের সম্পর্কটা অনেক পুরোনো। বার্নাব্যুতে খেলোয়াড় হিসেবে কাটিয়েছেন ১১ বছর। এই সময় রিয়ালের হয়ে ৪০০ ম্যাচ খেলেছেন। রিয়ালে তিনি সতীর্থ হিসেবে পেয়েছিলেন জিনেদিন জিদান, লুইস ফিগো, রোনালদো, ডেভিড বেকহামের মতো খেলোয়াড়দের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.